বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হাসপাতালে প্রাঙ্গণে র্যালীটি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আফজালুর রহমান এবং সহকারি পরিচালক ডা. ফারহানা আক্তার।
র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিশাত আহমেদ, যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুন এবং সর্বস্তরের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় চিকিৎসকরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা এবং সময়মতো প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।