নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষাঙ্গণের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।