যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু জুনায়েদ গাজীর (৪) মরদেহ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন সরকারি ড্রেজার মেশিনের পাখায় পেঁচিয়ে থাকা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজ জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জুনায়েদ তার চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে ভৈরব নদীর দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে। এ সময় নদীতে পানির তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে শিশু জুনায়েদ নিখোঁজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের চারিপাশে উদ্ধার অভিযান চালায়। পুনরায় বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলের পাশে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে ভৈরব সেতুসংলগ্ন বিআইডব্লিউটির একটি ড্রেজার মেশিনের পাখায় পেঁচিয়ে থাকা অবস্থায় শিশু জুনায়েদের মরদেহের সন্ধান মেলে।
এ বিষয় নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২২ ঘন্টা পর নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি ড্রেজার মেশিনের ধারালো পাখায় পেঁচিয়ে মরদেহটি ক্ষতবিক্ষত হয়ে দ্বিখণ্ডিত হয়েছে। পরে স্থানীয় ও প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।’