হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত ১ হাজার ১১০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৬:১২ পিএম
হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত ১ হাজার ১১০
ছবি: সংগ্রহীত

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নমুনা পরীক্ষায় ৮২ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানা যায়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মারা গেছেন ৪৫২ জন। এরপর সিলেট বিভাগে ১৭৯ জন, চট্টগ্রামে ৮৬ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮০ জন, বরিশালে ৬০ জন, খুলনায় ৪৪ জন এবং রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গা থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ১৩২ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৫ জন, চট্টগ্রামে ২৪২ জন, সিলেটে ১২০ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৭৮ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ২২ জন রয়েছেন।

চলতি বছরে ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে গেছেন ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

এ পর্যন্ত ২১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে আসা সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। একইভাবে হাসপাতালের বাইরে থাকা উপসর্গযুক্ত রোগীদেরও সবার হাম পরীক্ষা হয় না। ফলে শুধু নমুনা পরীক্ষার ফলের ভিত্তিতে দেশে হামের সংক্রমণের প্রকৃত বিস্তারের পুরো চিত্র পাওয়া যায় না।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে আক্রান্ত, মৃত্যু, হাসপাতালে ভর্তি ও অন্যান্য সূচকের তথ্য সংগ্রহ করে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে