ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে হামলা করায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সপু এবং একই ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেফতার করে।
জানাযায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় নির্বাচনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে দলীয় মনোনয়ন ফরম না দেয়ায় তার সমর্থকরা উপজেলা বিএনপি অফিসে হামলা করে। দলীয় অফিসের সামনে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এ ঘটনায় দলীয় আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে। দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।