গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫ জন নিহত

এফএনএস (অনলাইন ডেস্ক):
| আপডেট: ৩ অক্টোবর, ২০২৬, ০৫:২৯ পিএম | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৪:৪৫ পিএম
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫ জন নিহত

গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে চলমান যুদ্ধবিরতি ফের লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার ভোরে গাজা সিটির রিমাল এলাকার আল-আলসা আবাসিক ভবনে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়। হামলার সময় ভবনটির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। খবর আল-জাজিরার।

প্রতিবেদক হানি আল-শায়ের জানান, রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর একটি। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ এ এলাকার বিভিন্ন অস্থায়ী শিবিরেও আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, “আমরা যুদ্ধবিমানের আওয়াজন তীব্র হতে শুনলাম, এরপর পরপর তিনটি হামলা হলো, যা ভবনটিতে আঘাত হানে ও ভেতরে থাকা লোকজনকে হত্যা করে।”

হামলায় লক্ষ্যবস্তু হওয়া আবাসিক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিচের তলাগুলোর ভেতর দিয়ে ভেদ করে চলে যায়, ফলে বহুতল ভবনজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে অন্তত এক ঘণ্টা ধরে সেখানে আগুন জ্বলছিল। আল-শায়ের এই দৃশ্যকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন, যেখানে ঘুমে থাকা মানুষগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের একটানা টহলের মধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যান। গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন, যার মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তার কন্যাও রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: আল-জাজিরা