শ্রীমঙ্গলের দুই ক্ষুদে গবেষক সারাদেশে চ্যাম্পিয়ন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম
শ্রীমঙ্গলের দুই ক্ষুদে গবেষক সারাদেশে চ্যাম্পিয়ন

‘চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৬’-এর ‘ক’ গ্রুপে সারা দেশে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গলের দুই ক্ষুদে গবেষক ফাহমিদা আমিন আদিবা ও অন্বেষা ধর। শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয় ‘চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা আমিন আদিবা ও তার সহপাঠী অন্বেষা ধর যৌথভাবে একটি দল হিসেবে অংশ নেয়।  চূড়ান্ত পর্বে গবেষণার উপস্থাপন ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তারা ‘ক’ গ্রুপে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ফাহমিদা ও অন্বেষা ক্ষুদে গবেষক হিসেবে তাদের গবেষণা কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় নয় মাস গবেষণা কার্যক্রম পরিচালনার পর শনিবার অনুষ্ঠিত হয় তাদের চূড়ান্ত উপস্থাপনা। উপস্থাপনা ও বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘চিন্তার চাষ ক্ষুদে গবেষক’ প্রতিযোগিতায় সারা দেশ থেকে সপ্তম থেকে দশম শ্রেণির প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবারই প্রথম দুজন একসঙ্গে দল গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নেয় ফাহমিদা ও অন্বেষা। প্রথম অংশগ্রহণেই তাদের এই সাফল্য শ্রীমঙ্গলের শিক্ষা অঙ্গনে আনন্দের সৃষ্টি করেছে। ফাহমিদা আমিন আদিবা ও অন্বেষার পরিবার তাদের এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভবিষ্যতে আরও নতুন বিষয়ে গবেষণা করার প্রত্যাশা ব্যক্ত করেছে। একই সঙ্গে দুই ক্ষুদে গবেষকের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে পরিবার।

আপনার জেলার সংবাদ পড়তে