আটোয়ারীতে শিক্ষক দিবস উদযাপিত, শিক্ষকদের মর্যাদার দাবি

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:৪২ পিএম
আটোয়ারীতে শিক্ষক দিবস উদযাপিত, শিক্ষকদের মর্যাদার দাবি

"শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর" এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ০৫ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আটোয়ারী বাজার, কলেজ মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। সকল শিক্ষকের মাথায় একই রঙের সাদা ক্যাপ র‌্যালিটিতে ভিন্ন মাত্রা যোগ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরু হওয়ার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

বক্তারা  বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কিন্তু আজও শিক্ষকরা নানা বৈষম্য ও সংকটে রয়েছেন। বক্তারা আরো বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ। শিক্ষকদের পদোন্নতি ও বদলি প্রক্রিয়া সহজীকরণ।  অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সুবিধা বৃদ্ধি। উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আটোয়ারী মডেল সারিকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রেজাউন্নবী রাজা,আটেয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজনুল ইসলাম নয়ন,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,সাতখামার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম,পূর্ব দারখোর দাখিল মাদ্রাসার সুপার সলেমান আলী,ধামোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকতার মাহমুদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষকদের নিয়ে দুটি নাটিকা শিক্ষকদের অবহেলা, বেতন বৈষম্য ও মর্যাদা সংকটের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়। একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষক কিভাবে অর্থকষ্টের মধ্যেও সততা ধরে রেখে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিয়ে যান এবং শেষ পর্যন্ত সমাজের কাছে সম্মানিত হন, সেই গল্পটি তুলে ধরা হয়। কোমলমতি শিক্ষার্থীদের সাবলীল অভিনয় ও সংলাপে মুগ্ধ হন উপস্থিত সকল শিক্ষক ও অতিথিরা। অনেক শিক্ষককে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। নাটিকা দুটি শেষে শিক্ষার্থীদের জন্য করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

আপনার জেলার সংবাদ পড়তে