সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবি, জড়িতদের শাস্তির দাবি

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৪:০৩ পিএম
সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবি, জড়িতদের শাস্তির দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে রাবি প্রেসক্লাবের সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা রয়েছে। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, জুলাইয়ের পর ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনা প্রত্যাশিত নয়। সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি। হামলায় জড়িতদের যথাযথ প্রক্রিয়ায় দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। পাশাপাশি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে রাবিতে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাদের কণ্ঠরোধ করার সুযোগ নেই। ক্যাম্পাসে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

আপনার জেলার সংবাদ পড়তে