দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৫:১৩ পিএম
দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর, কাজিপুর ও চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর সর্দারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই দিন আনুমানিক ১৮৩৫ ঘটিকায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৫ বোতল মদ ও ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে  জামালপুর বিওপির পাকুড়িয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৫৭ বোতল স্কাফ সিরাপ এবং চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খবির নামক ব্যক্তির জমির নিকট অভিযান পরিচালনা করে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫ টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া, একই দিন কাজিপুর বিওপির রিফুজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯ বোতল মদ ও ৫,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত পৃথক অভিযানে সর্বমোট ৫৭ বোতল স্কাফ সিরাপ, ২৪ বোতল মদ, ৬,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮ পিস ইয়াবা, ১৬৫ টি চকলেট বাজি, ২৩৫ প্যাকেট বিড়ি এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (তেইশ লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে