সেনবাগে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল পোল্ট্রি ব্যবসায়ীর

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ পিএম
সেনবাগে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল পোল্ট্রি ব্যবসায়ীর

নোয়াখালীর সেনবাগে ধানখেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা মাইনুদ্দিন প্রকাশ মানিক (৫০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মানিক দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পণ্ডিত বাড়ির শেখ শফির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাতাকান্দি গ্রামের নজির মাস্টারের ধানখেতে ইঁদুর নিধনের জন্য তাঁর ছেলে জাকির হোসেন বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মানিক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মরদেহ দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক ফাঁদ পাতার বিষয়ে আশপাশের লোকজনকে সতর্ক করা হয়নি। তাঁরা এ ধরনের অনিরাপদ ফাঁদ ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেনী। সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হযরত আলী মিলন জানান,  এ ঘটনায় তদন্ত চলছে।ময়নাতদন্তের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। পরিবারেন পক্ষ থেকে অভিযোগ দিলে ও ময়নাতদন্তের রিপোর্ট  হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে