সৈয়দপুরে বিকেল গড়ালেই শীত শীত ভাব, রাতে বাড়ছে শীতের অনুভূতি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:২০ পিএম
সৈয়দপুরে বিকেল গড়ালেই শীত শীত ভাব, রাতে বাড়ছে শীতের অনুভূতি

শরৎকাল এখনো শেষ হয়নি। চলছে আশ্বিন মাস। এরই মধ্যে নীলফামারীর সৈয়দপুরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। ফলে কয়েক মাস পর শীতকাল আসার কথা থাকলেও আগেভাগেই শীতের পোশাক বের করতে শুরু করেছেন অনেকে।

সৈয়দপুর শহর ও আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিকেল গড়িয়ে এলে ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর অনেকেরই শরীরে শীতের পরশ লাগছে। বিশেষ করে রাতের দিকে বাইরে বের হলে গায়ে অনেকেই ফুলহাতা শার্ট, পাতলা সোয়েটার বা শীতের পোশাক পরতে শুরু করেছেন।

দিনের বেলায় অবশ্য তেমন শীত অনুভূত হচ্ছে না। দুপুরে রোদের তেজ থাকলেও বিকেলের পর তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার ধরন পাল্টে যাচ্ছে। সন্ধ্যার পরপরই অনেকটা শীতকালীন পরিবেশ তৈরি হচ্ছে। রাতের দিকে শহরের রাস্তাঘাটে চলাচলকারীদের অনেকের পোশাকেও এর প্রভাব দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শরৎকালেই এমন শীতের অনুভূতি আগে তেমন একটা পাওয়া যেত না। এবার আশ্বিন মাসেই সন্ধ্যার পর ঠান্ডা অনুভূত হওয়ায় শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে।

শহরের বাসিন্দা আঞ্জেলো মন্ডল জানান, দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর বাইরে বের হলে শরীরে ঠান্ডা লাগছে। বিশেষ করে রাতের দিকে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে চলাচলের সময় ঠান্ডা বাতাস বেশি অনুভূত হচ্ছে। এ কারণে অনেকেই ফুলহাতা পোশাক ব্যবহার করছেন।

তবে আবহাওয়াবিদদের মতে, শরৎকালে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে সন্ধ্যার পর শীতল অনুভূতি তৈরি হতে পারে। এটি শীতকাল শুরু হয়ে যাওয়ার অর্থ নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় এমন অনুভূতি স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে। সৈয়দপুরবাসীর অনেকের ধারণা, এবার হয়তো শীতের আগমন একটু আগেভাগেই টের পাওয়া যাচ্ছে। যদিও প্রকৃত শীত আসতে এখনো কয়েক মাস বাকি। তবুও শরতের শেষভাগে সন্ধ্যার পরের ঠান্ডায় শহরজুড়ে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। এ বিষয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর আক্তার হোসেন ফেকু বলেন,মনে হচ্ছে আগাম শীত এসেছে।  সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আবু নাসিম মিঠু বলেন,সন্ধ্যার পর আসলে শরীরে শীত লাগছে। তাই আমি নিজেও হালকা সোয়েটার গায়ে পড়ে বের হচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে