৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিল বিএসএফ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম
৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিল বিএসএফ

দৌলতপুর ও গাংনী সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। বিজিবির দৃঢ় অবস্থান ও তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপের ফলে বিএসএফ কর্তৃক উক্ত ৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

১১ অক্টোবর রোববার আনুমানিক ভোরের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে (পুরুষ-২ জন ও মহিলা-৪ জন) বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।

পরবর্তীতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকর উদ্যোগে এবং বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে আনুমানিক ৮০০ ঘটিকায় প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প উক্ত ০৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। পাশাপাশি, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবি’র নিয়ন্ত্রণে রযেছে।

আপনার জেলার সংবাদ পড়তে