বরিশালের উজিরপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেছেন-নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা আরও বলেছেন-তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ টাকা বা ফি দাবি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা আরও বলেছেন, পরিবারের বয়স্ক ও প্রতিবন্ধী সদস্যদের তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রচারণামূলক বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করা হবে।
এছাড়াও সরকারের ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এবং সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬’ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও শর্তের ভিত্তিতে পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি (উপজেলা নির্বাহী অফিসার) উল্লেখ করেছেন। দরিদ্র, অতিদরিদ্র ও নিন্মআয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের উজিরপুরে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার গুঠিয়া ও শিকারপুর এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অভিসার মো. আলী সুজার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব জুনায়েদ খান সিয়াম, সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু প্রমুখ।