দৌলতপুরে

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় ০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৪:০৭ পিএম
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় ০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

কুষ্টিয়ার দৌলতপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পূজামণ্ডপের নিরাপত্তায় ০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ছয়টি জেলার সীমান্তবর্তী এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সাত দিন রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

এরই ধারাবাহিকতায়, যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ণ চারটি জেলার মোট ৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৭০০ বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ০৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ০৫ প্লাটুন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ০৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গত ১০ থেকে ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলো একাধিকবার রেকি ও পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি, পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখবেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটেলিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দুইটি জেলার প্রায় ৮১.৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যরে এক অনন্য উদাহরণ। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর ন্ন হবে।

আপনার জেলার সংবাদ পড়তে