রাজধানীর ডেমরায় গ্যারেজে জবির বাসে আগুন

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ পিএম
রাজধানীর ডেমরায় গ্যারেজে জবির বাসে আগুন

রাজধানীর ডেমরার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি গ্যারেজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ বাস।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে বাসটির পাশে বনশ্রী পরিবহনের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুন লাগে। পরে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ছাদে ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শনিবার বাসটি ডেন্টিং ও পেইন্টিংয়ের জন্য গ্যারেজে নেওয়া হয়েছিল। রোববার অন্য একটি গাড়িতে কাজ করার সময় আগুন লাগে। এতে জবির বাসটিও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি পূরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।’

এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হাসান। তিনি ঘটনাস্থলে থাকা গ্যারেজকর্মীদের সঙ্গে কথা বলেন। তারা জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় তা নেভানোর চেষ্টা করা হয়। বাসটি গ্যারেজ থেকে বের করার চেষ্টা করলেও গেট বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে