গজারিয়ায়

জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৪:৩৯ পিএম
জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের মৃত আকরাম আলী সরকারের ছেলে দ্বীল মোহাম্মদ তার স্ত্রী রোকসানা বেগম ও বড় মেয়ে রিমা আক্তার এবং ছোট মেয়ে ইভা আক্তার। তাদের মধ্যে গুরুতর আহত রিমা আক্তার এবং ইভা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় রিমা আক্তার গতকাল রোববার গজারিয়া থানায় চারজনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত আরো ৩ থেকে ৪জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গেল শনিবার উল্লেখিত গ্রামে এ  হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ইসমানিরচর গ্রামের দ্বীল মোহাম্মদের পরিবারের সাথে একই গ্রামের আলাউদ্দিন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে আলাউদ্দিনের নির্দেশে দ্বীল মোহাম্মদের বসত বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে রিমা আক্তার এবং তার ছোট বোন ইভা আক্তারকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে। এতে রিমা আক্তারের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ইভা আক্তারের বাম হাতের পাতায় কোপ লেগে কেটে যায়। তাদের বাঁচাতে বাবা দ্বীল ইসলাম ও মা রোকসানা এগিয়ে এলে তাদের ওপরও ধ হামলা করা হয়। এতে দ্বীল ইসলামের ডান হাতের আঙুল কেটে যায় এবং রোকসানার নাকের হাড় ভেঙে গুরুতর জখম হয়। 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন  বড় মেয়ে রিমা আক্তার বলেন, আলা উদ্দিন পরিবারের সাথে আমাদের আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন আলাউদ্দিন, অপু, ওয়াজ কুরুনি  ও  মুন্নী আক্তার সহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪জন আমাদের বসত বাড়িতে এসে হামলা করে। ঘটনার পর থেকে তাদের হুমকি দিয়ে আসছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  এবিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্যেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে