খুলনার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ভোটার তালিকা থেকে এক ব্যবসায়ীর সদস্যের নাম বাদ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকারের দাবিতে রবিবার (১৮ অক্টোবর) বাগমারা বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদনটি করা হয়। আবেদনটি করেছেন বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী মাষ্টার টেলিকমের স্বত্বাধিকারী মো. ইব্রাহীম হোসেন মিঠুন। লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, রূপসা বাগমারা বাজারের মাষ্টার টেলিকম নামে মো. ইব্রাহীম হোসেন মিঠুনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ ব্যবসা শুরু করার পূর্বে অত্র বাজারে "শরীফ ইলেকট্রনিক্স" নামে তার আরও একটি প্রতিষ্ঠান ছিলো। যেটার নিজেও সে স্বত্বাধিকারী ছিলেন। এ প্রতিষ্ঠানটি দীর্ঘ তিন বছর ধরে সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অত্র বাজারের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মিঠুন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর জানতে পারেন নিয়মিত ব্যবসায়ী সদস্য হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত নেই। এমনকি কোনো প্রকার নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই সদস্য তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। যেটি সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও নির্বাচন পরিচালনা কমিটিকে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ওই ব্যবসায়ী। আবেদনটিতে আরও বলা হয়েছে, যেভাবে অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের শাসন আমলে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিলো। ঠিক একি প্রক্রিয়ায় যেনো স্বৈরাচারীতার কোন প্রকার পুনরাবৃত্তি না ঘটে। এ বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি আসন্ন বাজার বণিক সমিতির নির্বাচনের কার্যক্রম সুষ্ঠু নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী মিঠুন। এ ব্যাপারে রূপসা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও বাগমারা বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার তারেক ইকবাল আজিজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।