চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের এক বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে একটি চৌকস দল চর ওয়েস্টার এলাকায় এ বিশেষ অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে ফরহাদ হোসেনের হেফাজত থেকে ১টি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার ও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্রটি কোথা থেকে কীভাবে এসেছে-সে বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।