প্রতিনিধি মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় হামলা চালিয়ে এক বৃদ্ধকে বেদম মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই বৃদ্ধ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধের নাম শাহ কামাল পাঠান রতন (৬৫)। তিনি উল্লেখিত গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। আহত ও তার পরিবারের দাবি, ঘটনার দিন বেলা দেড়টা থেকে দুইটার দিকে শিশুদের বালি ছোড়াছুড়ি নিয়ে প্রথমে ঝগড়ার সূত্রপাত হয়। তার ১২ বছর বয়সী নাতির সাথে এলাকার আক্তারের আনুমানিক ৬-৭ বছর বয়সী মেয়ের বিরোধ হয়। এর জের ধরে একই এলাকার আক্তার, সালাউদ্দিন, রমজান, নাসিরউদ্দিন ও ইব্রাহিমসহ আরো ৪থেকে ৫জন দেশীয় লাঠিসোটা নিয়ে হামলা চালায়। প্রথম দফায় হামলাটি ঘরের বাইরে রাস্তার পাশে সংঘটিত হয়। সেসময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ঘটনার ১০-১৫ মিনিট পর অভিযুক্তরা পুনরায় সংগঠিত হয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে। তারা ঘরের ভেতরে ঢ়ুকে পড়ে বৃদ্ধ শাহ কামাল পাঠান রতনকে বেদম মারধর করে। এ ঘটনায় আহতের ছেলে ইমরান পাঠান থানায় ৭জনের নাম অন্তর্ভুক্ত করে ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আহত শাহ কামাল পাঠান রতন বলেন, দুই দফা মার ওপর হামলা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নকীব আকরাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইন গত ব্যবস্থা নেওয়া হবে।