শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, মাদারীপুরের ডাসার থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তাব্যবস্থা তদারকি করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী। পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আয়োজক ও স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলাব্যাপী বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূজামণ্ডপে পুলিশ ও মোবাইল টিমের টহল জোরদার, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মণ্ডপে বিশেষ নজরদারি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ, কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে কার্যকর নজরদারি অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে। পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।ডাসার উপজেলার নবগ্রামের একটি পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনিসুর রহমান খোকন তালুকদার সাথে সাক্ষাৎ করেন। এ সময় ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান মাহমুদ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় শারদীয় দুর্গোৎসব নিশ্চিত করতে বদ্ধপরিকর মাদারীপুর জেলা পুলিশ