সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী নয়ছয় কাজ দেখিয়ে টাকা আত্মসাতকারী ইউপি সদস্য তপন সরকারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন। ২০২৫-২৬ অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল ২য় কিস্তির বরাদ্দকৃত অর্থে রাস্তাটির সংস্কার কাজ করা হয়। বিল নাটানা হেরিং বন্ড রাস্তা হতে নাটানা কৃষ্ণ মন্দিরগামী ইটের রাস্তা সংস্কারের জন্য ১ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ৮০০ ফুট রাস্তা সংস্কার করা কথা ছিল। ওয়ার্ড কমিটির সভাপতি ইউপি মেম্বার তপন সরকার সংস্কার কাজ করান। কিন্তু কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। পূর্ব নাটানার মহাদেব মন্ডল জানান, কাজের সময় রাস্তার সব ইট উঠানো হয়নি। মাত্র ১২০০ ইট দিয়ে কাজ করা হয়েছে। মাঝে মধ্যে রাস্তার পাশের ২/৪টি ইট উঠানো হয়েছে। এবং সামান্য বালি দিয়ে ইট সাজিয়ে রাস্তার কাজ করা হয়েছে। ২ ট্রলি বালি ব্যবহার করে সংস্কার কাজ করা হয়েছে। স্লোবে সর্বোচ্চ ১ বিঘত মাটি লেপে দিয়ে রাস্তার পাশের কাজ করা হয়েছে। স্থানীয় লোকজন বাধা দিলেও মানা হয়নি। প্রতিবাদের মুখে পরে আরও ২ ট্রলি বালি এনে রাস্তার উপর ছড়িয়ে দেয়া হয়। যেভাবে কাজ করা হয়েছে, যানবাহন বা মাল বোঝাই ছোট যানবাহন চলাচল করলে রাস্তার দ্রুতই নষ্ট হয়ে যাবে বলে তিনি দাবী করেন। শিল্পী মন্ডল জানান, রাস্তার কাজ ভালভাবে করা হয়নি। ৮০০ ফুটের স্থলে ৬০০ ফুট কাজ করা হয়েছে। রাস্তার উপরে পুরনো ঘাস এখনো দেখাযাচ্ছে। সেখানে ইট উঠানো হয়নি। পাশের ২/৪টি ইট তুলে সামান্য বালি ফেলে ইট বসানো হয়েছে। পাশের স্লোবের কাজ যেভাবে করা হয়েছে, ইতিমধ্যে তা ধসে পড়তে শুরু করেছে। বৃষ্টি হলে রাস্তার ইট বসে যাবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। শিক্ষক কনক চন্দ্র মন্ডল জানান, মিস্ত্রীদেরকে ভালভাবে কাজ করতে বলা হলেও তারা করেনি। মিস্ত্রীদের কাছে শুনেছি ১২০০ ইট ও ৪ ট্রলি বালি দিয়ে রাস্তার সংস্কার কাজ শেষ করা হয়েছে। কাজের সাথে জড়িত শ্রমিক মেঘনাথ মন্ডল বলেন, রাস্তার সংস্কার কাজে ৬দিন ৩০টা জোন লেগেছে। পরে বালি ফেলতে ২টি জোন কাজ করে। স্লোবে মাটির কাজে ৩দিন ৬০০০ টাকা খরচ হয়েছে। অভিযুক্ত মেম্বার তপন সরকার জানান, ওই রাস্তার কাজটা আমার না, কাজ করেছেন চেয়ারম্যান সাহেব। কিন্তু চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।