মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ার ইন্তাদুল হকের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বেলা ১১ টার দিকে কম্বল ধোয়ার জন্য বাড়ির টিউবওয়েলের পাড়ে যান আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিদ্যুতের শকে তাঁর দুই হাত পুড়ে ক্ষতের সৃষ্টি হয়। এ আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে কাথুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: কাবের আলী বলেন, বাড়ির কাপড় ধোয়ার জন্য বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।তাই আমাদের সকলের সচেতন হওয়া দরকার। বিদ্যুতের লাইন দেয়ার সময় সতর্ক হয়ে দিতে হবে।কারণ দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। গাংনী থানার (ওসি) তদন্ত শিমুল কুমার দাস জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তথ্য নেয়া হয়েছে।কোন অভিযোগ না থাকায় মর দেহ দাফনের অনুমতিও দেওয়া হয়।