মঙ্গলবার ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ পিএম
মঙ্গলবার ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) উদযাপিত হতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬। ‘শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন, উদ্ভাবন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদার করা’- এ দূরদর্শী প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী তিন পর্বের জাঁকজমকপূর্ণ কর্মসূচির রূপরেখা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে দিবসটি সফল করতে সকল প্রশাসনিক ও কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম পর্বে দিনের প্রথম ভাগে সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আনুষ্ঠানিক কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে পর্দা উঠবে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার ও চাকরি মেলা-২০২৬’-এর। যেখানে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সাথে দেশের শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি সংযোগ, পেশাগত নেটওয়ার্কিং ও স্পট রিক্রুটমেন্টের সুযোগ থাকবে। সকাল ১১টা ১৫ মিনিটে পুরোদমে নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার পর ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শিল্প-নেতৃবৃন্দের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এই গৌরবোজ্জ্বল পর্বে প্রধান অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি থাকবেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক(সদর দপ্তর) মোহাম্মদ ইউসুফ আলী এবং আরপি ক্রিয়েশন অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিতোষ চন্দ্র পাল। দ্বিতীয় পর্বে এদিন বিকাল ৩টায় বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হবে অ্যাকাডেমিক ও প্রায়োগিক মেলবন্ধনের বিশেষ সেশন ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’। এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক গবেষণাকে শিল্পক্ষেত্রের সাথে যুক্ত করতে এই পর্বে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পাশাপাশি গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের মনোনীত ৩০ জন প্রথিতযশা শিক্ষক ও ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং ৫ জন শিশুকে ‘ইউনিভার্সিটি কমিউনিটি চিল্ড্রেনস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে। তৃতীয় পর্বে এদিন সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী পর্বে নামবে সুরের মূর্ছনা। ‘নজরুল-সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। এই সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রতিটি পর্বে সভাপতিত্ব করবেন, মাভাবিপ্রবি’র উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং স্বাগত সম্ভাষণ জানাবেন উপ-উপাচার্য(প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান। আয়োজক কমিটি সূত্রে জানাগেছে, বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে উপ-উপাচার্য(প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহবায়ক এবং অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব করে ১৫টি শক্তিশালী উপ-কমিটি গঠন করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম নিয়মিত এই কমিটিগুলোর কাজের তদারকি করছেন এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি স্মরণীয় উৎসব উপহার দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্তের সংবাদচিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিক ও আলোকচিত্রী বৃন্দকে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিনীত ও সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। প্রকাশ, ১৯৯৯ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১’ পাস হয়। ২০০৩ সালের ২৫ অক্টোবর দুটি বিভাগ (সিইসি এবং আইসিটি) নিয়ে আনুষ্ঠানিকভাবে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে