নাটোরের লালপুরে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার ভুল স্বীকার করে পুনরায় দলের রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দলটির বাইরে থাকা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। একই সঙ্গে অতীতের ভুলত্রুটি বিবেচনায় নিয়ে তাঁদের পুনরায় দলীয় কর্মকাণ্ডে কাজ করার সুযোগ দিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লালপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজেদের অতীত রাজনৈতিক অবস্থানের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে গিয়ে ভিন্ন প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁরা দলের আদর্শ ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে অসংগতিপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের ওই অবস্থানের কারণে দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টি হয়ে থাকলে তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।
লিখিত বক্তব্যে তাঁরা আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। তবে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তাঁরা উপলব্ধি করেছেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপির আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে পুনরায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চান তাঁরা।
এ জন্য দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি অতীতের ভুলত্রুটি বিবেচনা করে তাঁদের সংশোধনের সুযোগ দেওয়ার আবেদন জানান নেতৃবৃন্দ। তাঁরা বলেন, তাঁদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাতকে শক্তিশালী করা এবং দলকে আরও গতিশীল করতে ভূমিকা রাখা।
তাঁরা আরও জানান, দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন, তার প্রতি সম্মান রেখে দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী তাঁরা। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলা, সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জনগণের কল্যাণে কাজ করাকে নিজেদের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অতীতের ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পুনরায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ ও সহযোগিতা কামনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে দলের বাইরে থাকা নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য দেন লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসহাক আলী। এ সময় লালপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, সিজদার আলী সহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।