মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে রাজদিয়া-বালুচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেকবর আলী সরকার উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
পুলিশ জানায়, ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে রাজদিয়া দিক থেকে বালুচরগামী নাম্বারবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা হাটুর নিচ থেকে থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তঁাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।