চাঁদপুরে রড বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবাবাহী একটি পাঁচ টন ধারণক্ষমতার ট্রাক ও ১৩ টন রডসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য অন্তত ৪৮ লাখ টাকা।
রবিবার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার মোড়ের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মদের নেতৃত্বে এসআই আবুল কালাম গাজী, এএসআই নয়ন মিয়া ও এএসআই কামরুল ইসলামের একটি চৌকস দল এ সফল অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑভোলা জেলার দৌলতখান থানার চরসফি গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (৪২) এবং একই থানার দলিঘাট গ্রামের বজলুর রহমানের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩০)। অভিযুক্ত দুজনই বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ী ও মাঝিরঘাট এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, আসামিরা রড বহনের আড়ালে মূলত ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিল। অভিযানে ইয়াবার পাশাপাশি আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের একটি হলুদ রঙের ট্রাক এবং ট্রাকে থাকা আনুমানিক ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।