আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। বসে নেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। গণসংযোগ,সভা-সমাবেশ আর ভোট প্রার্থনার মধ্য দিয়ে সময় পার করা হচ্ছে। পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন গতকাল রবিবার ভাঙ্গুড়া উপজেলার ইউনিয়ন ও চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এছাড়া চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। এই আসনের সাবেক এমপি,স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কেএম আনোয়ারুল ইসলাম গতকাল রবিবার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। অমৃতকুন্ডা হাটে ব্যবসায়ী ও হাটুরেদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করেন। এসময় চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরাসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগার। গতকাল রবিবার তিনি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ও ডিবিগ্রাম ইউনিয়নে গণসংযোগ করার পাশাপাশি নির্বাচনী সভায় বক্তব্য দেন। গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা তাঁ ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। অন্যান্য প্রার্থীরাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন।