জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪ পিএম | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪ পিএম
জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মো. শাহিদুল শিকদারের সেজ ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনে পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।