ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুর রহমান সুলতানের বাড়ীতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে গফরগাঁও পৌর শহরের ৩ নং ওয়ার্ডে ষোলহাসিয়া এলাকার কাচারী রোডে বসত বাড়ীতে এ চুরি ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাদিন রাতে সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বসত বাড়ীতে পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর টিভি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ চুরির বিষয়টি সকালে জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। কারণ, বাড়িটি প্রায় শত বছর ধরে গফরগাঁওয়ের বিএনপি ও মুসলিম জাতীয়তাবাদি রাজনীতির সূতিকাগার হিসেবে পরিচিত।
খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন।
এ দুর্র্ধষ চুরির বিষয়ে সাবেক এমপি মরহুম ফজলুর রহমান সুলতান সাহেবের একমাত্র ছেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দাদার আমল থেকে প্রায় শত বছর পূর্ব থেকেই এই বসত বাড়িতেই বসবাস করি। আমার দাদা মরহুম জোয়াদ আলী ব্রিটিশ আমলে দীর্ঘদিন সদর ইউপির প্রেসিডেন্ট ছিলেন। আমার বাবা বিএনপি থেকে দুইবারের নির্বাচিত এমপি ছিলেন। অতীতে রাজনীতি বা অন্য কোন কারনে আমাদের বসত বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।