বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধ এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে ১১ দিনব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন বরিশালের অলিম্পিক শিপিং ও সিমেন্ট কোম্পানির শ্রমিকরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শ্রমিকরা অভিযোগ করেন, তাদের জীবনের ঝুঁকি নিয়ে কোটি কোটি টাকার সম্পদ পরিচালনা করা সত্ত্বেও কোম্পানিগুলো সঠিক সময়ে তাদের পারিশ্রমিক দিচ্ছেনা। শ্রমিকদের মূল দাবিগুলো হলো-বকেয়া বেতন ও বোনাস: অলিম্পিক শিপিং ও সিমেন্ট কোম্পানির শ্রমিকরা বেশ কয়েক মাসের বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন না বলে অভিযোগ করেন। নৌ-ফেডারেশনের শ্রমিকরা জানিয়েছেন, কথায় কথায় অবৈধ ছাঁটাই বন্ধ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। তারা আরও বলেন, তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হবে। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ন্যায্য দাবি মেনে না নিলে তারা জাহাজ বুঝিয়ে দেওয়াসহ কঠোর কর্মসূচি ঘোষনা করবেন। বরিশাল বিভাগীয় অলিম্পিক শিপিং ও নৌযান ফেডারেশনের সভাপতি মো. হাশেম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. কবির হোসেন, আব্দুল কুদ্দুস, মো. রিপন, মো. দুলাল, মো. রিয়াজ, মোহাম্মদ জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বেতন-ভাতা বোনাসসহ ১৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন।