গাইবান্ধা শহরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় গাইবান্ধা সদর ভূমি অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জেলা প্রশাসনের আয়োজনে এবং গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। স্থানীয় পরিবেশ রক্ষা এবং লেকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে তারা সম্মিলিতভাবে কাজ করছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এই অভিযানে একাত্মতা ঘোষণা করে অংশ নিয়েছে। দীর্ঘদিন ধরে ঘাঘট লেকে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং মশার উপদ্রবসহ পরিবেশ দূষিত হচ্ছিল। শহরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, "গাইবান্ধাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ঘাঘট লেকের গুরুত্ব অপরিসীম। শুধু প্রশাসনের একার পক্ষে এটি রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, এর জন্য সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে।" অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পরই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতা কর্মী লেকের কচুরিপানা সরানোর কাজে নেমে পড়েন।