দিনাজপুর শহরের একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর ঘরের ভেতর থেকে তাদের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহতরা হলেন তপন সরকার এবং তার স্ত্রী লতা সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাড়িটি থেকে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া ঘরের মেঝে থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগুনের কারণ ও মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।” তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।