জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অঘোষিতভাবে বাসভাড়া বাড়ানোর ঘটনায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমান ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এ নির্দেশনা দেন। তিনি বলেন, “সরকার কর্তৃক বাসভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না।” একই সঙ্গে তিনি দ্রুত সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বাড়ানো হয়। শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়।
নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে পরিবহন পরিচালনায় ব্যয় বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে ইতোমধ্যে বিআরটিএ কার্যালয়ে বৈঠকও হয়েছে। সংশ্লিষ্টরা জানান, একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে এবং দ্রুতই মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পরিবহন মালিকদের মতে, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয় প্রয়োজন। তবে সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যমান ভাড়াই কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।