যশোরের অভয়নগরে খরিপ-১ মৌসুম ২০২৫-২৬ এ আউশ (উফশী) ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহউদ্দিন দিপু। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ তৈয়েবুর রহমান।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬০০-এর বেশি কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ সহায়তা কৃষকদের আউশ চাষে আরও উৎসাহিত করবে। এতে অনাবাদি জমি চাষের আওতায় আসবে, উৎপাদন বাড়বে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি লাভবান হবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহউদ্দিন দিপু বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের পাশে রয়েছে। সময়োপযোগী প্রণোদনা কর্মসূচি মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।