জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের মহানগর। বুধবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সহিংসতা বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, স্বল্প সময়ের মধ্যেই ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মতো সমস্যা তীব্র হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে চাপ বাড়ছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। মহানগর সেক্রেটারি আবু তাহের মুহাম্মদ ফাহিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের এবং জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান। বক্তারা জ্বালানি ও গ্যাসের মূল্য কমানো, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দেশে সুশাসন নিশ্চিত করার দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।