গাজায় ইসরায়েল হামলা অব্যাহত, নিহত আরও ১২ ফিলিস্তিনি

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পিএম
গাজায় ইসরায়েল হামলা অব্যাহত, নিহত আরও ১২ ফিলিস্তিনি
ছবি, সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা চলছেই। শেষ হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। 

স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। 

গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুজন প্রাণ হারান।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, যাতে তারা হস্তক্ষেপ করে বেসামরিক এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করা স্থানীয় পুলিশ বাহিনীর ওপর দখলদার ইসরায়েলের  হামলা বন্ধ করে।

মন্ত্রণালয় জানায়, খান ইউনিসের হামলাটি ঘটে তখন, যখন নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা আসলে ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল, যা তাদের আরও অপরাধে উৎসাহিত করছে।'

তারা আরও জোর দিয়ে বলে, ‘গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। তাদের লক্ষ্যবস্তু করা বা হত্যা করার কোনো বৈধতা নেই।'

আপনার জেলার সংবাদ পড়তে