৪০০ কোটির ‘কিং’, নেগেটিভ চরিত্রে চমক শাহরুখের

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:১২ পিএম
৪০০ কোটির ‘কিং’, নেগেটিভ চরিত্রে চমক শাহরুখের

প্রায় ৪০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ খান অভিনীত এই সিনেমা, যেখানে তাকে দেখা যাবে একেবারেই ভিন্ন এক চরিত্রে।

এই সিনেমার বড় আকর্ষণ শুধু শাহরুখ নন, তার মেয়ে সুহানা খানের বড়পর্দায় আত্মপ্রকাশও। একই সঙ্গে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছে, বরাবরের নায়ক ইমেজ ভেঙে ধূসর ও নেতিবাচক চরিত্রে হাজির হচ্ছেন শাহরুখ খান।

সিনেমাটির গল্পে শাহরুখকে দেখা যাবে জটিল ও অন্ধকারাচ্ছন্ন মানসিকতার এক চরিত্রে, যিনি নিষ্ঠুর এবং প্রাণঘাতী। দুই ভিন্ন সময়রেখায় এগোবে তার চরিত্রের যাত্রা, যা গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে। তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল।

নিজের এই ব্যতিক্রমী চরিত্র নিয়ে শাহরুখ খান বলেন, “অভিনেতা হিসেবে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করাই আমার উদ্দেশ্য। দর্শকদের জন্য চেনা গণ্ডির বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে আমি বরাবরই আগ্রহী।”

বাণিজ্যিক দিক থেকেও শুরু থেকেই আলোচনায় রয়েছে ‘কিং’। বড় বাজেট, তারকাবহুল কাস্ট এবং ভিন্নধর্মী গল্পের কারণে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সব মিলিয়ে বছরের শেষ দিকে বক্স অফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই সিনেমা।

আপনার জেলার সংবাদ পড়তে