১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, লস অ্যাঞ্জেলেসে শুরু স্টেডিয়াম নির্মাণ

এফএনএস স্পোর্টস ডেস্ক | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, লস অ্যাঞ্জেলেসে শুরু স্টেডিয়াম নির্মাণ

দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। সেই প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় শুরু হয়েছে ক্রিকেট ভেন্যু নির্মাণের কাজ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এই স্টেডিয়ামেই বসবে পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা, যা বিশ্ব ক্রিকেটের জন্য নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি জানিয়েছে, পোমোনার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন প্রায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার অস্থায়ী স্টেডিয়ামে হবে অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট। ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিকে ফিরছে ক্রিকেট। প্রায় দেড় শতক পর এই প্রত্যাবর্তন শুধু একটি খেলার ফেরা নয়, বরং বৈশ্বিক পরিসরে ক্রিকেটের নতুন বিস্তারেরও বার্তা।

পুরুষ ও নারী, দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। প্রতিটি বিভাগে থাকবে ৯০ জন ক্রীড়াবিদের কোটা, দলপ্রতি ১৫ সদস্যের স্কোয়াড। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতাগুলো হবে ২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এ উদ্যোগকে ক্রিকেটের বিশ্বায়নের পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “অলিম্পিক আন্দোলনের অংশ হওয়া ক্রিকেটের জন্য গর্বের, একই সঙ্গে এটি নতুন স্বপ্নেরও জন্ম দেয়।” তার ভাষায়, এই সুযোগ ক্রিকেটকে নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে।

জয় শাহ আরও বলেন, “এই ভেন্যুটি গেমসের সময় কেন্দ্রবিন্দুতে থাকবে এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য একটি ঐতিহ্য রেখে যাবে।” আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাড়তে থাকা আগ্রহের সঙ্গে এই উদ্যোগ ভবিষ্যতের বাজার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অলিম্পিকের আগেই স্টেডিয়ামটি পরীক্ষামূলকভাবে ব্যবহারে আনা হচ্ছে। ১ জুলাই থেকে ৫ জুলাইয়ের মধ্যে এখানে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অলিম্পিকের আগে ভেন্যুর প্রস্তুতিও যাচাই হয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, অলিম্পিকে ক্রিকেটের ফেরা শুধু প্রতীকী নয়, এটি খেলাটির বাণিজ্যিক ও ভৌগোলিক সম্প্রসারণেও বড় সুযোগ তৈরি করবে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাজার তৈরির পাশাপাশি এটি ভবিষ্যতে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পথও খুলে দিতে পারে। কয়েকটি সূত্রে সম্ভাবনার কথা উঠে এসেছে, ভবিষ্যতে এই ভেন্যুতে আইপিএলের প্রদর্শনী ম্যাচও হতে পারে।

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবার জায়গা পেয়েছিল ক্রিকেট। তারপর হারিয়ে যাওয়া সেই খেলা আবার ফিরছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে। তাই পোমোনার এই নির্মাণকাজ শুধু একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর নয়, ক্রিকেটের নতুন ইতিহাসেরও সূচনা।

আপনার জেলার সংবাদ পড়তে