রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় নগর ভবন চত্বরে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান। তিনি বলেন, দুর্যোগ ও মানবিক সংকটময় মুহূর্তে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়।
রাসিক প্রশাসক ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন আরও বলেন, রাজশাহী মহানগরবাসীর চাওয়া-পাওয়া ও প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নগরবাসীর কল্যাণে সবাইকে একযোগে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে তিনি স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রমে আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং জনসেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা নগর উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।