বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:১১ পিএম
বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের নিজ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। প্রতিটি সুবিধাভোগীকে ২টি করে ছাগল, ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ৫টি করে ম্যাট, ২টি টিন এবং ৪টি করে পিলার প্রদান করা হয়। এসব সহায়তা তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নোমান আলী এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এস এম সাইফ আলমসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে