বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ ও সাজা প্রদান

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:৫২ পিএম
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ ও সাজা প্রদান

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে পাঁচজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার ছোট বোচাপুকুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে বীরগঞ্জ থানার একটি বিশেষ টিম গাজিউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মোঃ রনি (২৫), ডাঙ্গী পুকুর গ্রামের সোমহরমের ছেলে বুদু রায় (২১), ছোট বোচাপুকুর গ্রামের শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে মোঃ আল-আমিন (২২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ রানা মিয়া (২২)। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে মাদক সেবনের দায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে