চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিশ্বকলোনী এলাকায় এক ব্যতিক্রমী মানবিক ঘটনার জন্ম হয়েছে, যা ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এক শ্রমজীবী নারীর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করে কুড়িয়েছেন সর্বস্তরের মানুষের প্রশংসা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকলোনীর বাসিন্দা অটোরিকশাচালক আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে একটি ব্যতিক্রমী স্বপ্ন বুকে লালন করে আসছিলেন। জীবিকার তাগিদে প্রতিদিন অটোরিকশা চালালেও তার ইচ্ছা ছিল-একদিন তার অটোরিকশায় যাত্রী হিসেবে উঠবেন এলাকার সংসদ সদস্য। পরিচিতজনদের কাছে বারবার নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। কঠিন জীবনসংগ্রামের মাঝেও এই ছোট্ট স্বপ্নই তাকে অনুপ্রাণিত করে আসছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। শনিবার ২৫ এপ্রিল বিকেলে এমপি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী নিজেই আনোয়ারা বেগমের অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন এবং তার দীর্ঘদিনের আবদার পূরণ করেন। এ সময় এলাকায় উপস্থিত মানুষের মাঝে সৃষ্টি হয় উৎসাহ, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন জনপ্রতিনিধির এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। সাধারণ মানুষের ছোট্ট ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করায় তারা মুগ্ধ। স্বপ্নপূরণের অনুভূতি জানাতে গিয়ে আনোয়ারা বেগম বলেন, আমি অনেক দিন ধরে এই স্বপ্ন দেখেছি। আজ তা পূরণ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এদিকে স্থানীয়দের মতে, একজন শ্রমজীবী নারীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়ন করা নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। এটি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তারা মনে করেন। সীতাকুণ্ডের বিশ্বকলোনীর এই ঘটনাটি এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে এক সাধারণ নারীর স্বপ্ন পূরণ হয়ে তৈরি হয়েছে এক স্মরণীয় মুহূর্ত।