লক্ষ্ণীপুরে বিয়ে বাড়িতে চেয়ার নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ পিএম
লক্ষ্ণীপুরে বিয়ে বাড়িতে চেয়ার নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

লক্ষ্ণীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বড়বাড়ি এলাকার মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমসহ আরও কয়েকজন। তাদের লক্ষ্ণীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) মো. হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। পরদিন শনিবার বরপক্ষের বাড়িতে দাওয়াতের আয়োজন করা হয়। দুপুরে কনেপক্ষের লোকজন খাওয়ার জন্য এলে চেয়ার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কনেপক্ষের অভিযোগ, খাওয়ার সময় বরপক্ষের কিছু লোক চেয়ার দখল করে দাঁড়িয়ে থাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়। অভিযোগ রয়েছে, বরপক্ষের কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে। ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, “খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা মারামারিতে রূপ নেয়। তবে এ বিষয়ে বরপক্ষের কেউ মন্তব্য করতে রাজি হননি। লক্ষ্ণীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিয়েবাড়িতে মারামারির ঘটনা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে