হজ্জক্যাম্পে চুরি হওয়া সৌদি রিয়াল মতলব ও সিটিএসবি উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ১১:৫৭ এএম
হজ্জক্যাম্পে চুরি হওয়া সৌদি রিয়াল মতলব ও সিটিএসবি উদ্ধার

রাজধানীর  হজ্জক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল ও অন্যতম আসামীকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ ও ঢাকা মহানগর এলাকার পুলিশের একটি ইউনিট (সিটি এসবি)। অভিযানে ১৭ হাজার ৫শত সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টা ৪০ মিনিটে হজ্জ ক্যাম্পের চুরির ঘটনায় যৌথ অভিযানে অন্যতম প্রধান আসামী হাবিবুর রহমানকে খিলক্ষেতের একটি আবাসিক ভবন থেকে আটক করা হয়।  মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিটি এসবি কাজ শুরু করে। ঘটনার দিন বিকেলে ডিআইজি, সিটি এসবি মীর আশরাফ আলী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং চাঁদপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার সাথে জড়িত হাবিবুর রহমানকে গ্রেফতারের উদ্দেশ্যে মতলব এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের শুরুতে রেডিও লোকেশনের মাধ্যমে জানা যায়, হাবিবুর রহমান ইতোমধ্যে মতলব থেকে বেড়িবাঁধ হয়ে দাউদকান্দি, কুমিল্লার পথে রওয়ানা করেছে। সিটি এসবি থেকে প্রাপ্ত ধারাবাহিক তথ্যের ভিত্তিতে মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জীবন, এসআই দেলোয়ার, এসআই সুজিত, এসআই সাকিব এবং কনস্টেবল তুষার সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল তাকে অনুসরন করতে থাকে। অভিযানিক দলটি হাবিবুর রহমানকে অনুসরন করে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে ডেমরার সারুলিয়া পাড় হয়ে ৩শ ফিট অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছে। পরবর্তীতে বিশেষ পুলিশ সুপার সিটি এসবি (উত্তর) মোঃ রেজাউল করিমের টিমের সাথে যৌথ অভিযানে ঘনবসতিপূর্ণ খিলক্ষেত এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় একাধিক ভবনে তল্লাশি করে গভীর রাতে হজ্জ ক্যাম্পের চুরির অন্যতম আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেন।  একই রাতে নাদিমের দেয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনার মূল মাস্টার মাইন্ড আব্দুল মান্নানের দুটি বাসায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। পরে আব্দুল মান্নানের বড় মেয়ে মুক্তার জামাইয়ের বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ৫শত রিয়ালের ৩৫টি নোট অর্থাৎ ১৭ হাজার ৫শত সৌদি রিয়াল উদ্ধার করে পুলিশ। আসামীরা গত রবিবার (২৬ এপ্রিল) ৩হাজার ৫শত সৌদি রিয়াল মানি এক্সচেঞ্জের মাধ্যমে ভাঙ্গিয়ে ১লক্ষ ১৫ হাজার টাকা উত্তোলন করে। যার মধ্যে ৯০ হাজার টাকা আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে জব্দ করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় রহস্য উদঘাটন ও অন্যতম আসামীকে গ্রেফতার করে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর ছিলো আমাদের জন্য বড় অর্জন। এই প্রথম ঢাকার কোন ঘটনায় মতলব দক্ষিণ থানা পুলিশের সহায়তা উম্মোচিত হয়েছে। পলাতক আসামী আব্দুল মান্নানের অবস্থান শনাক্ত করে দ্রুত তাকে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার (২২ এপ্রিল) হজ্জ ক্যাম্প থেকে হজ্জ যাত্রী ইমরান হোসেনের কাছ থেকে ২২ হাজার রিয়াল চুরি হয়। চুরির ঘটনায় বিমানবন্দর থানায় ভুক্তভোগী মো. ইমান আলীর ছেলে মো. সাইয়ন আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মামলা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে