নাটোরের সিংড়ায় ধান কাটতে এসে বজ্রপাতে সম্রাট (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুরিয়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। এসময় তার সঙ্গে থাকা একই গ্রামের আলম হোসেন (৩৫) ও আফজাল হোসেনর (৪০) নামের আরো দুই ধান কাটা শ্রমিক আহত হয়েছে। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই সময়ে উপজেলা কৈগ্রাম মাঠে ধান আনতে গিয়ে ফিরোজ হোসেন (২৫) নামের এক কৃষক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলার ঠেঙ্গাপাকুরিয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের বাড়িতে ধান কাটতে এসে আকাশে মেঘ দেখে কাজের বিরতি দিয়ে তাদের নির্ধারিত টিনের ছাপড়া ঘরে উঠেন শ্রমিকরা। হঠাৎ বজ্রপাত টিনের ছাপড়ায় পড়ে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।