পিতৃ পরিচয় অজ্ঞাত

কটিয়াদীতে মা হয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০২ পিএম
কটিয়াদীতে মা হয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুত্র সন্তানের মা হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। নবজাতকের পিতার পরিচয় জানা যায়নি। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মধ্যে। কে তার বাবা? রোববার রাতের কোনো এক সময় উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মধ্যপাড়া বাজারে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।  স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে অপরিচিত এক ভবঘুরে মানসিক ভাসাম্যহীন গর্ভবতী নারীকে মধ্যপাড়া বাজারে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। সকালে তার কোলে সন্তান দেখতে পান। এ সময় তার পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন আচরণ করেন। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন ভীড় করেন। এলাকার কতক পরিবার নবজাতকের ভরণপোষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে একই গ্রামের একটি পরিবারের হেফাজতে রয়েছে শিশুটি। বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসবের খবর পেয়ে সেখানে লোকজন ভিড় করেন। তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। আমরা তাকে উদ্ধার করে আপাতত একজনের বাড়িতে রেখেছি।  বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রশাসনকে অবহিত করব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, বিষয়টি আমি শুনেছি। কেউ কেউ দত্তক নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।  তবে ইচ্ছা করলেই দত্তক নেওয়ার সুযোগ নেই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি দেখা হবে। সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করবেন বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে