কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে শামীম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। অপরদিকে একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে কিশোরগঞ্জে দোকান নিয়ে বিরোধের জেরে শামীম (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত লিংকনকে (৩৫) ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্ত লিংকন একই এলাকার সুলতানের ছেলে। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা হন। পৌরসভার সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল চাচা-ভাতিজার মধ্যে। সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া মো. রাকিব চৌধুরীর কাছে মালিকানা দাবি করে ভাড়া চান। ভাড়াটিয়া রাকিব বিষয়টি লিংকনকে জানালে তিনি একটি ছুরি নিয়ে ছুটে যান এবং শামীমকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা এবং শামীমের পরিবারের সদস্যরা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত তার পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি।