কাপাসিয়ায় খিরাটি মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ১১:২০ এএম
কাপাসিয়ায় খিরাটি মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়া "জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি" মাদরাসার পুকুরে ডুবে আব্দুল্লাহ আল সাজীম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল সোমবার ভোরে ক্যাম্পাসে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে অবস্থিত ওই মাদরাসার চতুর্থ শ্রেণি ও কিতাবখানার শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাজীম (১৪) অন্যান্য সহপাঠীদের সাথে ফজরের নামাজ পড়ে। এক পর্যায়ে সে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়। মক্তবে অনুপস্থিত থাকায় শিক্ষকরা খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। ওই সময় তার মাথায় পাগড়ি পরা, হাতে ছাতা এবং পাশেই তার সেন্ডেল পড়ে ছিলো। চতুর্থ শ্রেণি শেষে সে কিতাবখানায় অধ্যয়নরত ছিল। সে নরসিংদী জেলা সদরের ঘোড়াদিয়া এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রহমান খোকনের পুত্র। তার নানা মোঃ নুরুল ইসলামের বাড়ি মনোহরদীর চন্দন বাড়ি এলাকায়। স্বজনরা জানান, মৃত আব্দুল্লাহ আল সাজীম সাঁতার জানতো না। মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সবুর জানান, চতুর্থ শ্রেণি শেষে কিতাবখানায় পড়ুয়া ছাত্র অন্যান্যদের সাথে ফজরের নামাজ পড়েছে‌। পরে একা একাই পুকুর পাড়ে আম কুঁড়াতে যায়। আমাদের জানামতে সে সাঁতার জানতো না। অসাবধানতাবশত সে পা পিছলে পানি পড়ে ডুবে যায়। ঘটনাটি একটি দুর্ঘটনা। কর্তৃপক্ষ প্রত্যেকটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সবসময়ই সচেষ্ট। থানা পুলিশ জানায়, মাদরাসার পুকুরে পড়ে শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাজীমের মৃত্যুর খবর পেয়ে মনোহরদী তার নানার বাড়িতে গিয়ে তারা মরদেহ সনাক্ত করেন। স্বজনদের ইচ্ছা এবং দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি নেই মর্মে পিতা-মাতা থানা পুলিশের নিকট লিখিত জবানবন্দি দিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে