নাটোরের লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা, যা মুহূর্তেই শোকের ছায়া নামিয়ে আনে পুরো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতের তারে আটকে অসহায়ভাবে চিৎকার করতে থাকেন তিনি। বাবার সেই আর্তনাদ শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে বাঁচানোর আকুল চেষ্টায় তাকে স্পর্শ করলে সেও বিদ্যুতের প্রবল ঝাঁকুনিতে আক্রান্ত হয়।
এক মুহূর্তে সুখের সংসার পরিণত হয় আতঙ্ক আর মৃত্যুভয়ের দৃশ্যে। এ সময় মা আসমা খাতুন অসীম সাহসিকতার পরিচয় দিয়ে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করেন। এতে বাবা আল আমিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয়ে পড়ে শিশু আব্দুল্লাহ।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র এবং আল আমিন-আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছিল। পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।
প্রতিবেশীরা জানান, বাবার জীবন বাঁচাতে ছুটে যাওয়া নিষ্পাপ শিশুটির ভালোবাসা ও সাহস পুরো এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। সন্তানের নিথর দেহ ঘিরে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। মুহূর্তেই হাসিখুশি একটি পরিবার ডুবে যায় গভীর শোকের সাগরে।